ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার

২০২৬ মার্চ ৩১ ১৭:৫৯:৫৩
ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন করিমপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিআর (কাঁদানে গ্যাস) গ্যাস সেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল কোতয়ালী থানার করিমপুর এলাকায় অভিযান চালায়। সেখানে জনৈক রইচ উদ্দিন মুন্সীর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুরগামী পাকা রাস্তার পাশের একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার গণমাধ্যমকে জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নাশকতা প্রতিরোধ এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে র‍্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও র‍্যাবের সময়োপযোগী অভিযানে সম্ভাব্য কোনো দুর্ঘটনা বা নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

(ডিসি/এসপি/মার্চ ৩১, ২০২৬)