প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ
২০২৬ মার্চ ৩১ ১৮:৩৬:২৯
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার জ্বালানি তেল ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত সালাম ভলকানাইজিং নামক একটি দোকানে যৌথ অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন,ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল তেল জব্দ করা হয়।
অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।
জানা গেছে, জব্দকৃত তেল পরবর্তীতে ঘোড়াঘাটের মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন ঘটনা নিশ্চিত করে বলেন, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল গোপনে নিজ ওয়ার্কশপে মজুদ করে রাখছিলেন ব্যবসায়ী সালাম। পরে সেখানে অভিযান পরিচালনা করে ১৬৭১ লিটার ডিজেল জব্দ করি। জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত দামে পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
(এসএস/এসপি/মার্চ ৩১, ২০২৬)
