প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
২০২৬ মার্চ ৩১ ১৮:৪৭:৪৪
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শ্রীউলার নাকতাড়া কালিবাড়ি বাজারে হাফিজুর রহমান ও তার স্ত্রী মারুফা খাতুনের মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাদের দোকানের পেছনে কৌশলে রাখা ৪টি ড্রামে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসান। তারা জানান, অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে হাফিজুর রহমান এলাকা ত্যাগ করেন।
এ সময় জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রির পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এছাড়া পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
(আরকে/এসপি/মার্চ ৩১, ২০২৬)
