প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
গ্যালারিতে মুসলিম-বিদ্বেষী স্লোগান, সমর্থকদের ওপর ক্ষুব্ধ স্প্যানিশ কোচ
২০২৬ এপ্রিল ০১ ১৩:৫৩:৪৮
স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে হওয়ার কথা ছিল সম্প্রীতির লড়াই, কিন্তু বার্সেলোনার এস্পানিওল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে দেখা গেল উল্টো চিত্র। স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হলেও গ্যালারি থেকে আসা মুসলিম-বিদ্বেষী স্লোগান ও উগ্র আচরণ পুরো ফুটবল বিশ্বকে ক্ষুব্ধ করেছে।
ম্যাচ শুরুর আগে থেকেই পরিবেশ ঘোলাটে হতে শুরু করে। মিশরের জাতীয় সংগীত চলাকালীন গ্যালারি থেকে স্প্যানিশ সমর্থকদের একাংশ সজোরে দুয়োধ্বনি দেয়।
পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন একদল উগ্র সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’; এমন আপত্তিকর ও বিদ্বেষমূলক স্লোগান দিতে থাকে। এমনকি মিশরের খেলোয়াড়রা মাঠে সিজদা দেওয়ার সময়ও গ্যালারি থেকে ধেয়ে আসে অসম্মানজনক চিৎকার।
প্রথমার্ধে গ্যালারির এমন উগ্রতা দেখে আয়োজকরা কয়েক দফায় দর্শকদের সতর্ক করেন। বিরতির সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বিশেষ বার্তা প্রদর্শন করা হয় এবং মাইকে বারবার বর্ণবাদী গান ও মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।
দ্বিতীয়য়ার্ধের শুরুতে আবারও একই ঘোষণা দেওয়া হলে দর্শকদের একটি অংশ উল্টো দুয়োধ্বনি দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়।
ম্যাচ শেষে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এক বিবৃতিতে তারা জানায়, ‘ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই। আরএফইএফ স্টেডিয়ামের ভেতর যেকোনো ধরনের অসদাচরণের ঘোর বিরোধী।
’
সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘যেকোনো ধরনের ঘৃণা বা বর্ণবাদ পুরোপুরি অসহনীয়। যারা এসব করছে তারা ফুটবলের কলঙ্ক। যারা ঘৃণা ছড়ায়, তারা আসলে ফুটবলের কেউ নয়; তারা স্রেফ নিজেদের স্বার্থ হাসিল করতে ফুটবলকে ব্যবহার করে। এদের সমাজ থেকে যত দূরে রাখা যায়, ততই মঙ্গল।
’
কোচ আরও জানান, স্টেডিয়ামের সাধারণ দর্শকরাও এই উগ্রপন্থীদের আচরণের প্রতিবাদ জানিয়েছেন, যা ইতিবাচক একটি দিক।
(ওএস/এএস/এপ্রিল ০১, ২০২৬)
