ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা 

২০২৬ এপ্রিল ০১ ১৯:০২:০২
মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক। তিনি বলেন, প্রতিটি পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়াও সর্বক্ষণিক মনিটরিং-এ থাকবেন সহকারী কমিশনার ভূমি।

এদিন দুপুরে পাংশা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়ার সময় মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১২ চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক জানান, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না। আমাদের কাছে তথ্য আছে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছে। যাতে কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে না পারে সে জন্য মোবাইলে এপ্স খোলা হয়েছে। এপ্সের মাধ্যমে একব্যক্তি একাধিক বার তেলি নিতে আসলে চিহ্নিত করা যাবে।

উল্লেখ্য, পাংশা উপজেলায় দুইটি ফিলিং স্টেশন রয়েছে। বৈশ্বিক সংকটে স্বাভাবিক সময়ের থেকে ১৫ শতাংশ কম পেট্রোল ও অকটেন পাচ্ছে পাম্প গুলো। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ।

(একে/এসপি/এপ্রিল ০১, ২০২৬)