ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

২০২৬ এপ্রিল ০১ ১৯:৩৮:৩৬
নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত পপি বেগম (৩০) নগরকান্দা উপজেলার শ্রামপুট্রি গ্রামের বাসিন্দা এবং শহিদ শিকদারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার সময় সন্তানরা স্কুলে ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে পপি বেগম ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়।

মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন, যা পুলিশ উদ্ধার করেছে। তবে চিরকুটের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

বাড়ির মালিক গোলাম মোস্তফা মিয়া ফরিদপুর জেলা শহরে থাকেন। নিহতের পরিবার প্রায় তিন মাস ধরে ওই বাসায় ভাড়া থাকছিলেন।

খবর পেয়ে নগরকান্দা থানার সার্কেল কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী শহিদ শিকদার পলাতক রয়েছে।

(পিবি/এসপি/এপ্রিল ০১, ২০২৬)