প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
২০২৬ এপ্রিল ০১ ১৯:৪০:৪৮
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে বিশ্বজিৎ কর্মকার (৬৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার দুপুরের দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বিশ্বজিৎ কর্মকার ওই এলাকার মৃত হরে কৃষ্ণ কর্মকারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য অমল কান্তি দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ কর্মকার দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন।
ইউপি সদস্য অমল কান্তি দে জানান, প্রায় এক বছর আগে তিনি স্ট্রোক করেন এরপর থেকেই তিনি দৃষ্টিহীন হয়ে পড়েন এবং চলাচলের ক্ষমতা হারান। তাঁর একমাত্র ছেলে অনেক বছর আগে পরিবার ছেড়ে চলে যান। বাড়িতে কেবল তিনি ও তাঁর স্ত্রী বসবাস করতেন। দীর্ঘদিনের অসুস্থতা এবং বার্ধক্যজনিত অসহায়ত্বের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই বিষণ্ণতা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, "মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
(আরএম/এসপি/এপ্রিল ০১, ২০২৬)
