ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই

২০২৬ এপ্রিল ০২ ১৪:৪২:২৪
ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয়জয়কার বজায় রেখেছে কাপ্তাই উপজেলা।

বুধবার (১ এপ্রিল) রাঙ্গামাটি চিংহ্লা মং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাঘাইছড়ি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা এই ম্যাচে বাঘাইছড়ির লড়াকু ফুটবল দর্শকদের মুগ্ধ করলেও শেষ হাসি হেসেছে কাপ্তাই।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। খেলার ১০ মিনিটেই বাঘাইছড়ি উপজেলার স্ট্রাইকার ওয়াকিল গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। প্রথমার্ধ বাঘাইছড়ির নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতিয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে কাপ্তাই।

দ্বিতীয়ার্ধের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কাপ্তাইয়ের মারুফ এবং মংহাই মারমা। তাদের জোড়া গোলে ব্যবধান ২-১ এ দাঁড়ায়। শেষ বাঁশি বাজা পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে কাপ্তাই উপজেলা দল। ম্যাচটি পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত ফিফা তালিকাভুক্ত প্রখ্যাত রেফারি আশরাফুজ্জামান টিটু।
মারি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে এই রোমাঞ্চকর লড়াই উপভোগ করেন,

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ রুহুল আমীন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ সাইফুল ইসলাম ভুট্টু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই দলের টিম ম্যানেজার মোঃ দিলদার হোসেন, জেলা ক্রীড়া অফিস সচিব আব্দুল করিম লালু, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আসলাম খান,এছাড়াও কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে পরপর দ্বিতীয় জয়ের গৌরব অর্জন করায় কাপ্তাই উপজেলা দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। তিনি আশা প্রকাশ করেন, কাপ্তাইয়ের এই সাফল্যের ধারা টুর্নামেন্টের শেষ পর্যন্ত বজায় থাকবে।

(আরএম/এএস/এপ্রিল ০২, ২০২৬)