ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক

২০২৬ এপ্রিল ০২ ১৯:০২:০২
আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে প্রাইভেট কারের চাপায় মাহবুবুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হওয়ায় জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আইনজীবী বাবর আলী খানকে আটক করেছে সদর থানার পুলিশ। মুমূর্ষু অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক বাবর আলী খান সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদসহ একাধিক জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর (৫) আসন থেকে প্রার্থী হয়েছিলেন। তার বাড়ি পৌরশহরের গোরস্থানের পশ্চিমে শান্তিনগর এলাকায়।

আজ বৃহস্পতিবার দুপুরে আটকের খবর নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে
বুধবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে ওই নেতাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের পাশের রাস্তা দিয়ে হেঁটে মূল সড়কের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য মাহবুবুর রহমান। এ সময় পেছন দিক থেকে আইনজীবী বাবর আলী খানের প্রাইভেটকারে তিনি চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, আহত পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

(আরআর/এসপি/এপ্রিল ০২, ২০২৬)