প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
২০২৬ এপ্রিল ০২ ১৯:০৬:৫৭
মাদারীপুর প্রতিনিধি : একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার থানতলী ও পাকদী এলাকায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে গত ২৯ ও ৩০ মার্চ মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার ফজল খা গ্রুপ এবং পাকদী এলাকার দবির মুন্সী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
সংর্ঘষে থানতলী, পাকদী ও গোলাবাড়ী, জজকোর্ট, মিল সংলগ্ন এলাকার বিভিন্ন দোকানপাট ও বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে।
সংবাদ পেয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকার সামছু খলিফার ছেলে মুন্না খলিফা (২৫), জালাল খন্দকারের ছেলে হাসান খন্দকার (২৫), নির্মল মন্ডলের ছেলে মৃর্ত্তুন জয় (২১), সিরাজুল ইসলামের ছেলে শাহাদৎ (৩৫), লুৎফর রহমান বেপারীর ছেলে ফেরদৌস বেপারী (৩৬), শামসুল হকের ছেলে শাকিল বেপারী (২২), মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার এনায়েত শেখের ছেলে মাসুদ শেখ (৩৫), তাতিবাড়ি এলাকার সাহাদতের ছেলে সজল (২২), ডাসার উপজেলার মধ্য ধুলগ্রাম এলাকার রিপন শেখের ছেলে জিহাদ (১৬), সনমন্দি এলাকার মোক্তারের ছেলে বেল্লাল (১৫), কুন্তিপাড়া এলাকার আজমল মোল্লার ছেলে ইমন মোল্লা (১৫), থানতলী এলাকার আব্দুর রহমানের ছেলে থানভীর খান (১৫), ডাসার উপজেলার মধ্যধলুগ্রাম এলাকার বাবুল খানের ছেলে সাকিল (১৫)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এসপি/এপ্রিল ০২, ২০২৬)
