ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব

২০২৬ এপ্রিল ০২ ১৯:১১:০৪
দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলার সংবাদকর্মীদের ঐতিহ্যের ধারক ‘নীলফামারী প্রেসক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) ঘিরে পুরো জেলায় এখন সাজ সাজ রব বিরাজ করছে। জেলা শহরের অলিগলি থেকে শুরু করে প্রেস ক্লাবের আড্ডার টেবিল—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আগামী ৬ এপ্রিলের ভোটযুদ্ধ।

সাংবাদিকতার পেশাদারিত্বের পাশাপাশি এবার নির্বাচনী ময়দানে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ, যা সাধারণ ভোটার ও সচেতন মহলে তৈরি করেছে বাড়তি কৌতূহল। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে চলছে। গত ২৪ ও ২৫ মার্চ মনোনয়নপত্র বিতরণ এবং ২৯ মার্চ দাখিলকৃত মনোনয়নপত্রগুলোর বাছাই সম্পন্ন করার পর ৩০ মার্চ আপিল নিষ্পত্তি করা হয়। এরপর গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে চূড়ান্ত ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর থেকেই প্রার্থীরা নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।

আগামী ০৬ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই কাঙ্ক্ষিত নির্বাচনে সকাল ১১:০০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ০৩:০০ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ওইদিন বিকালেই ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী দুই বছরের নতুন নেতৃত্বের নাম। এবারের নির্বাচনের সবচেয়ে চমকপ্রদ দিক হলো সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় রাজনীতির সক্রিয় নেতাদের অংশগ্রহণ।

সভাপতি পদে মঞ্জুরুল আলম সিয়াম ও হাসান রাব্বী প্রধানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন নূর আলম ও মিল্লাদুর রহমান মামুন। সহ-সভাপতি পদের ৭টি আসনে আতিয়ার রহমান ও আনোয়ারুল আলম প্রধানসহ মোট ৭ জন প্রার্থী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজয় চন্দ্র চক্রবর্তী কাজল, সুভাষ রায় ও আব্দুর রশিদ শাহ্-সহ মোট ৪ জন প্রার্থী ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। বিভাগীয় পদগুলোর মধ্যে দপ্তর সম্পাদক পদে এম আর চৌধুরী রাজু এবং অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ্ ও তৈয়ব আলী সরকার নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

এছাড়া নির্বাহী সদস্যের ১৪টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী একযোগে প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে নীলফামারী প্রেসক্লাব নির্বাচন এখন কেবল সাংবাদিকদের পেশাগত গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং এটি জেলার একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। ভোটাররা এমন এক যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছেন যারা ক্লাবের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সংবাদকর্মীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন। মূলত আগামী ৬ এপ্রিলের ব্যালট যুদ্ধের মাধ্যমেই নির্ধারিত হবে কার হাতে উঠছে নীলফামারী প্রেস ক্লাবের আগামীর নেতৃত্ব।

নির্বাচনী প্রচারণার ডামাডোলের মধ্যেই নীলফামারী প্রেস ক্লাব নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংবাদে নতুন এক মাত্রা যোগ হয়েছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারী এবং তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

(ওকে/এসপি/এপ্রিল ০২, ২০২৬)