ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা 

২০২৬ এপ্রিল ০৩ ১২:৩৯:৩২
সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশার সার-কিটনাশক এর দোকানে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মো: সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার বাগদুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

অভিযুক্ত মো: সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগদুলী বাজারে সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান। সেখানে সার-কিটনাশক বিক্রির পাশাপাশি জ্বালানি তেল বিক্রি করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এমন অভিযোগে প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। সেই সাথে তিনি তেল বিক্রির বৈধ কাগজ দেখাতে ব্যার্থ হয়েছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ কৃত তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।

(একে/এএস/এপ্রিল ০৩, ২০২৬)