প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজস্থলীকে উড়িয়ে ডিসি গোল্ড কাপের ফাইনালে কাপ্তাই
২০২৬ এপ্রিল ০৪ ১৩:৩০:২৫
রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে একের পর এক জয়ের ধারা বজায় রেখে দাপটের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে কাপ্তাই উপজেলা ফুটবল দল। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থলী উপজেলাকে ৩–০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে শিরোপার লড়াইয়ে নিজেদের স্থান সুনিশ্চিত করে কাপ্তাই।
শুক্রবার বেলা ৩টায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই রাজস্থলী ফুটবল দলের ওপর চড়াও হয়ে খেলতে থাকে কাপ্তাই। পরিকল্পিত আক্রমণ আর সুসংগঠিত রক্ষণভাগের কল্যাণে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল কাপ্তাইয়ের হাতে। শেষ পর্যন্ত ৩–০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
টুর্নামেন্টে কাপ্তাইয়ের এই অগ্রযাত্রা ছিল বেশ রোমাঞ্চকর প্রথম রাউন্ড নানিয়ারচর উপজেলার বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর, টাইব্রেকারে ৩–০ ব্যবধানে জয় পায় কাপ্তাই।দ্বিতীয় রাউন্ড ১ এপ্রিল অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী বাঘাইছড়ি উপজেলাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করে দলটি।ফাইনাল বাছাই আজ রাজস্থলীকে ৩–০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালের টিকিট হাতে পায় কাপ্তাই।
কাপ্তাই দলের এই ধারাবাহিক সাফল্যে আনন্দের বন্যা বইছে পুরো উপজেলায়। দলের এই দুর্দান্ত পারফরম্যান্সে খেলোয়াড়, টিম ম্যানেজার, প্রধান কোচ ও সহকারী কোচকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কাপ্তাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমীন। এক বার্তায় তিনি বলেন, "খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং কোচ ও ম্যানেজমেন্টের সঠিক দিকনির্দেশনায় কাপ্তাই আজ ফাইনালে। আশা করি, ফাইনালেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে এবং কাপ্তাই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।"
টানা তিন ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখানোয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় ক্রীড়ামোদীদের প্রশংসায় ভাসছে পুরো টিম। এখন কাপ্তাইবাসীর প্রতীক্ষা কেবল সেই মাহেন্দ্রক্ষণের—যখন শিরোপা হাতে ঘরে ফিরবে তাদের দামাল ছেলেরা।
(আরএম/এএস/এপ্রিল ০৪, ২০২৬)
