ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ

সাবেক মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে জখম করায় কলেজ অধ্যক্ষের ওপর গ্রামবাসীর হামলা

২০২৬ এপ্রিল ০৪ ১৯:২১:১৮
সাবেক মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে জখম করায় কলেজ অধ্যক্ষের ওপর গ্রামবাসীর হামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্যকে পিটিয়ে জখম করায় ক্ষুব্ধ জনতা সাতক্ষীরা দিবা -নৈশ কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামানকে গণধোলাই দিয়েছে। গত বুধবার বিকেলে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের ঝিকরা-রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম খালেদা আক্তারকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও একেএম শফিকুজ্জামানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে আজ শনিবার দুপুরে ঝিকরা-রাজাপুর গ্রামে যেয়ে দেখা গেছে, রাস্তার পূর্ব পাশে সাতক্ষীরা দিবা -নৈশ কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান প্রাচীর দিয়ে ভিতরে দোতলা বাড়ি নির্মাণ করছেন। বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ। খানপুর গ্রামের বাবুর আলীর রাজাপুরের বাড়ির ভাড়াটিয়া ভ্যানচালক ইব্রাহীম ঢালীর স্ত্রী আসমা খাতুন জানান, বাবুর আলীর স্ত্রী খালেদা আক্তার দুইবার শিবপুর ইউনিয়নের সংরক্ষিত একটি নারী আসনে নির্বাচন করে জয়লাভ করেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামানের সাথে খালেদা আক্তারের স্বামী বাবুর আলীর দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। এ জমি নিয়ে দখল ও পাল্টা দখলের ঘটনায় স্থানীয়ভাবে বসাবসি হয়েছে কয়েকবার। শালিসি সিদ্ধান্ত মানেননি শফিকুজ্জামান। এক সপ্তাহ আগে শফিকুজ্জামান তার ভাড়াটিয়া লোকজন নিয়ে বাবুর আলীর তিন বিঘা জমি ঘেরা ও বেড়া দিয়ে দখল করে নেয়। তার দুই দিন পর বাবর আলী ওই ঘেরা তুলে দেন। তার পাওনা সাড়ে ১৩ শতক জমি ঘিরে নেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।

আসমা খাতুন আরো জানান, বুধবার বিকেল চারটার দিকে শফিকুজ্জামানের বাড়ির পাশে রাস্তার উপর গরু ও ছাগলের ঘাস খাওয়াচ্ছিলেন খালেদা আক্তার। এ সময় শফিকুজ্জামান তার বাড়িতে কাজ করা শ্রমিকদের কাছ থেকে কোদাল নিয়ে এসে কোদালের পিছনের অংশ দিয়ে খালেদাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে রাস্তার উপর পেলে রাখেন। বিষয়টি তিনি খানপুর গ্রামের বাড়িতে অবস্থানকারি বাবুর আলীকে মুঠো ফোনে অবহিত করেন।

তবে বাবুর আলী জানান, ২০১৮ সাল ও পরবর্তী সময়ে তিনি শহরের মুনজিতপুরের ন’মিয়ার ভাই মাহবুব ও তার মায়ের খাড়বিলার এক ব্যক্তির কাছে ৫৪ টি দাগে বিক্রি করা আপোষসূত্রে পাওয়া প্রায় আট বিঘা জমি কয়েকটি দলিল মূলে কেনেন তিনি। একইভাবে ২০২২ সালে শফিকুজ্জামান ন’ মিঞার বড় ভাইয়ের অন্যত্র বিক্রি করা ৩৪ টি দাগে আপোষসূত্রে পাওয়া সাড়ে চার বিঘা জমি কয়েকটি দলিল মূলে কেনেন। ওই জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি শফিকুজ্জামান তার জমি জবরদখল করলে তিনি তা মুক্ত করে শফিকুজ্জামানের কাছে পাওয়া সাড়ে ১৩ শতক জমি ঘিরে নেন। তার অংশের মধ্যে শফিকুজ্জামান ২৬ শতক জমি দাবি করে আসছিলো। এ নিয়ে স্থানীয়ভাবে শালিসি বৈঠক হলেও মানেননি শফিকুজ্জামান। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে শফিকুজ্জামান ও তার লোকজন তার স্ত্রী খালেদা আক্তারকে কোদাল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। তিনি খবর পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। ক্ষুব্ধ এলাকাবাসি শফিকুজ্জামানকে বাড়ি থেকে তুলে এনে রাস্তার উপর ফেলে মারপিট করেন। তিনি ও তার ছেলে ছুটে এসে শফিকুজ্জামানকে কয়েকটি চড় মারেন। পরে পুলিশ এসে খালেদা আক্তারকে সদর হাসপাতাল ও শফিকুজ্জামানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাবুর আলী আরো অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শফিকুজ্জামান নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পরিচয়ে পুলিশ ও সাংসদ মীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ রবি ও তার আত্মীয়দের ( যোশী) দিয়ে তাকে ও তার স্ত্রীর বিরুদ্ধে কমপক্ষে ১৮টি নাশকতা মামলা দিয়েছেন। এতে তিনি তিনবার ও স্ত্রী খালেদা ্রকেবার জেল খেটেছেন। এ ছাড়াও একটি কলেজের প্রধান হওয়ায় সেই ক্ষমতাকে ব্যবহার করে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছেন শফিকুজ্জামান।

এ বাপারে শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের অস্থায়ী কার্যালয়ে দিবা- নৈশ কলেজের অধ্যক্ষ সংবাদ সম্মেলনে একেএম শফিকুজ্জামানের ভাই এসএম শরিফুজ্জামান দাবি করেন, বাবুর আলী ও তার স্ত্রী খালেদা আক্তার দীর্ঘদিন ধরে তার ভাইয়ের জমি জবরদখলের চেষ্টা করে আসছিলো। শালিসি বৈঠকের কোন সিদ্ধান্ত মানেনি বাবুর আলী দম্পত্তি। এরই ধারাবাহিকতায় বাবুর আলী. মাহাফুজুল ও জিয়ারুলের নেতৃত্বে ভাইয়ের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে তাকে পিটিয়ে জখম করা হয়েছে।

শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শফিকুজ্জামান কোদাল দিয়ে খালেদা আক্তারকে পিটিয়ে জখম করলে ক্ষুব্ধ গ্রামবাসি কলেজ শিক্ষক শফিকুজ্জামানকে মারপিট করে। তার নির্মাণাধীন বাড়িতেও হামলা চালানো হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, কলেজ শিক্ষক শফিকুজ্জামানের বাড়িতে হামলা, লুটপাট ও তাকে পিটিয়ে জখমের ঘটনায় বাবুর আলীসহ ছয় জনের নাম উল্লেখ করে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। খালেদা আক্তারের উপর হামলার ঘটনায় কোন মামলা হয়নি।

(আরকে/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)