প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
২০২৬ এপ্রিল ০৬ ১৪:১০:১৬
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেফতার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১১টায় শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইনডিপেনডেন্ট টেলিভিশন এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী,সময় টিভির মমতাজ আহমেদ বাপি, এনটিভির জুলফিকার আলী জিন্নাহ, বাংলাভিশনের আসাদুজ্জামান,৭১ টিভির বরুন ব্যানার্জী,ডিবিসির বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলায় ঘটনা স্থলে উপস্থিত না থাকা মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়কেও জড়ানো হয়েছে, যা ন্যায়ের পরিপন্থী ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা আরও বলেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে সেবা নিতে গেলেই হয়রানি ও হামলার শিকার হতে হচ্ছে।
বক্তারা বলেন, সরকারি অফিসে এমন নৈরাজ্য চলতে পারে না। দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক জিন্নাহর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অফিসের একটি সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করায় এ হামলা চালানো হয়। তবে পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা দায়ের হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিক মহলে।
(আরকে/এএস/এপ্রিল ০৬, ২০২৬)
