ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

২০২৬ এপ্রিল ০৬ ১৫:০০:৪৩
মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডস-এর গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতি অনুসারে, সোমবার ভোরে মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় খাদেমি নিহত হন।

তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্যাস স্টেশনও ছিল।

হামলার পর পাওয়া ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে, অন্যথায় বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেওয়া হবে বলে জানান। এর জবাবে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

রবিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।

তিনি ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব। তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৬)