ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

প্রক্টরের পদত্যাগের দাবিতে মাভাবিপ্রবি'র প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ

২০২৬ এপ্রিল ০৬ ১৮:৫০:২০
প্রক্টরের পদত্যাগের দাবিতে মাভাবিপ্রবি'র প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ

‎টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।আজ সোমবার দুপুরে এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করেছে। ৫ আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে, যার সঙ্গে প্রক্টরের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

‎শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পূর্বে একাধিকবার অভিযোগ দাখিলের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণে গড়িমসি করা হয়েছে।

‎এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রক্টরকে অপসারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আল্টিমেটাম দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হওয়া পর্যন্ত উপাচার্য অফিসে তালা দিয়েছে।

‎এদিকে ব্যক্তিগত কারণে চার দিনের ছুটি নিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।

‎উপাচার্য কার্যালয়ের সামনে চলমান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)