প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে ৩টি ট্রান্সফর্মার লুট
২০২৬ এপ্রিল ০৬ ১৮:৫৪:২৭
চাটমোহর প্রতিনিধি : মাঠের মধ্যে স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন (৫০) ও তার স্ত্রী শিল্পী খাতুন (৪০)। তাদের মধ্যে শিল্পী খাতুনের অবস্থা গুরুতর।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী গ্রামের বিলে সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপ পাহারা ও রক্ষনাবেক্ষণের দায়িত্বে ছিলেন আনিস হোসেন। সোমবার দিবাগত রাতে গভীর নলকূপের ঘরে তার স্ত্রী সহ ঘুমিয়ে থাকাবস্থায় মধ্যরাতের পর ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলে।
এ সময় তারা ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দু’জনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়।
সকালে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এসএইচ/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)
