ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

কৃষক আবেদীন হত্যা 

দুইজনের মৃত্যদণ্ড, তিনজনের যাবজ্জীবন 

২০২৬ এপ্রিল ০৮ ১৮:৩৪:৪৯
দুইজনের মৃত্যদণ্ড, তিনজনের যাবজ্জীবন 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে শত্রুতায় ছুরিকাঘাতে কৃষক আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজন পলাতক রয়েছেন। ২০০৭ সালের ২৩ মে হত্যা মামলাটি দায়ের হয়েছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোতালেব হোসেন ও মৃত আইন উদ্দিনের ছেলে রশিদ জামাল। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ। এ মামলায় আসামিদের মধ্যে সবুজপুর গ্রামের আসাদ জামালের ছেলে খোরশেদ আলমকে খালাস দেওয়া হয়েছে।

৮ এপ্রিল দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোতালেব হোসেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান- জমিজমা নিয়ে আসামিদের সঙ্গে আক্তার হোসেন আবেদীনের পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৭ সালের ২২ মে রাত সাাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন আসামিরা। তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০০৭ সালের ২৩ মে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নামোল্লেখ ৩/৪ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে সাইফুল ইসলাম। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

(আরআর/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)