প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই মিলবে ‘শুভ বার্তা’
২০২৬ এপ্রিল ০৯ ১৪:০৭:২০
স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে শিগগিরই ‘শুভ বার্তা’ পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব-বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শান্তি চুক্তির অনেক বিষয় এখনো বাস্তবায়ন হয়নি-এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, শান্তি চুক্তি একটি আলোচনার বিষয়। আমরা সবে দায়িত্ব নিয়েছি।
আপনারা ধৈর্য ধরুন, আশা করি শিগগিরই ভালো খবর পাবেন।
পার্বত্য এলাকায় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।
তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সরকার কাজ করছে।
পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান এবং অঞ্চলে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই ছিল এ চুক্তির মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান ও খাগড়াছড়ির সংসদ সদস্যরা, মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০২৬)
