ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘যারা বিএনপির বিপরীতে নির্বাচন করেছিল তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে’

২০২৬ এপ্রিল ০৯ ১৪:৩০:৪৯
‘যারা বিএনপির বিপরীতে নির্বাচন করেছিল তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের বিপরীতে যারা নির্বাচন করেছিলেন তাদের এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, যারা দাঁড়িপাল্লা বা অন্য কোনো মার্কায় নির্বাচন করেছিল তাদের এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অথচ ওই ঘটনাস্থলে সেই মানুষটা ছিলই না। এমনকি তার পরিবারেরও কারও সম্পৃক্ততা ছিল না। তারপরও ভীত-সন্ত্রস্ত রাখতে মামলায় তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে, যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়।

বিএনপির নেতাকর্মীরা এখন স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন সারজিস।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনসিপির এ নেতা বলেন, সাধারণ মানুষের জন্য সরকারি যত সুযোগ-সুবিধা উপজেলা নির্বাহী অফিসার ও ডিসির মাধ্যমে মাঠপর্যায়ে যায় সেগুলো শুধু বিএনপির নেতাকর্মীরা পাচ্ছে। সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলছে। ফলে যে মানুষটার প্রাপ্য সে পাচ্ছে না। যারা বিএনপিকে ভোট দেয়নি তারা যতোই দরিদ্র হোক না কেন তাদের অবস্থা যতোই খারাপ হোক না কেন—তাদের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছাচ্ছে না।

‘এই প্রশ্নটা তারেক রহমানের কাছে যে, তিনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী হতে চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান—এটা তাকে উত্তর দিতে হবে এবং তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে’—যোগ করেন সারজিস।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০২৬)