প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
২০২৬ এপ্রিল ০৯ ১৭:৪৮:০৫
সালথা প্রতিনিধি : “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র বিভাগে ১০টি এবং সিনিয়র বিভাগে ৩টিসহ মোট ১৩টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলা উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
(এএন/এসপি/এপ্রিল ০৯, ২০২৬)
