প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পুলিশ দেখলেই পালাতেন, কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন পলাতক ডাকাত
২০২৬ এপ্রিল ১০ ১৯:২৮:১৮
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এক ডাকাতকে অভিনব কৌশলে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যেতেন কাওছার শেখ (৩৬)। শেষ পর্যন্ত কৃষকের ছদ্মবেশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া এলাকার একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলা ও এক্সপ্রেসওয়ে সংলগ্ন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন কাওছার শেখ। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত পালিয়ে যেতেন, ফলে তাকে গ্রেফতারে বেশ বেগ পেতে হচ্ছিল।
এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ যে, কাওছার একটি ফসলি মাঠে অবস্থান করছেন। তাকে ধরতে এএসআই আতাউর রহমান কৌশল অবলম্বন করেন। তিনি লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের ছদ্মবেশে মাঠে গিয়ে অভিযানে অংশ নেন। এতে কোনো সন্দেহ না করায় কাওছারকে সহজেই গ্রেফতার করা সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের পোশাক দেখলেই কাওছার পালিয়ে যেতেন। তাই কৌশল পরিবর্তন করে এএসআই আতাউর রহমান কৃষকের ছদ্মবেশ নেন এবং সফলভাবে তাকে গ্রেফতার করেন। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
গ্রেফতারকৃত কাওছার শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
