ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০২৬ এপ্রিল ১০ ১৯:৫২:৫৯
ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

আজ শুক্রবার বিকেলের দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি সুজন ফরিদপুর জেলা শহরের পশ্চিম আলীপুরের মৃত হালিম শেখের ছেলে বলে জানা গেছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক, সিনিয়র সহকারি পুলিশ সুপার, তাপস কর্মকার উত্তরাধিকার ৭১ নিউজকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

এর আগে, চলতি মাসের ২ তারিখ (২ এপ্রিল) সকাল অনুমান ৯টার দিকে আসামি সুজন শেখ(৩৫) ভিকটিমকে তার বসতবাড়ি হতে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে ফরিদপুর জেলার কোতয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি আবাসিক হোটেলে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ভিকটিম অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।

এ ঘটনায় গত ৮ এপ্রিল ভিকটিম নিজেই ফরিদপুর জেলার কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ওই নারীর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। ওই অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখার সময় র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি সুজন শেখ (৩৫)কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো।

(আরআর/এসপি/এপ্রিল ১০, ২০২৬)