ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে চাকুরীর প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার

২০২৬ এপ্রিল ১২ ১৯:২৩:০০
নড়াইলে চাকুরীর প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় চাকুরীর প্রলোভন ও নাগরিক সনদ পাইয়ে দেওয়ার কথা বলে একজন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে একজন গ্রাম পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে।

অভিযুক্ত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ ও এক ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে।

দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ স্বামীর ওপর রাগ করে ২৫ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তাজু শেখ তাকে মোবাইল ফোনে কল দিয়ে গার্মেন্টসে চাকুরীর প্রলোভন দেখান। চাকরি পেতে প্রয়োজনীয় নাগরিক সনদ পাইয়ে দেওয়ার কথা বলে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিজের বাড়িতে ডেকে নেন তাজু শেখ।

ভুক্তভোগী ওই গৃহবধূর অভিযোগ, 'বাড়িতে যাওয়ার পর তাকে একটি কক্ষে বসতে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই নারীর হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে তাকে বিদায় করে দেয়।’

ঘটনার পর ওই নারী চাকুরীর আশায় সাভারে চলে গেলেও সেখানে কোনো ব্যবস্থা করতে না পেরে গত ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন।

ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি তার স্বামী ও আত্মীয়-স্বজনদের জানান এবং তাদের সাথে আলোচনা করে গত ৬ এপ্রিল অভিযুক্ত তাজু শেখকে (৪০) আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, নারীর প্রতি সহিংসতা ও এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ অত্যন্ত কঠোর।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গত ৮ এপ্রিল আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জমানবন্দি গ্রহণ ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(আরএম/এসপি/এপ্রিল ১২, ২০২৬)