ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের সমাবেশ

২০২৬ এপ্রিল ১২ ১৯:৪৬:২৩
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। আজ রবিবার বিকেলে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে অবিলম্বে জনগণের রায় মেনে নিয়ে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়েছে।

আমতলা থেকে রাজপথ বিকাল সাড়ে ৩টায় শহরের আমতলা গণমুখী মাঠ থেকে নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক—নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউমার্কেট মোড় এবং পাঁকা পুল হয়েশহীদ নাজমুল সরণি প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় আমতলা মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।

'৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করা যাবে না'

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, "দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে 'হ্যাঁ' ভোট দিয়েছে। এই গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা আশা করেছিলাম বিএনপি সরকার জনগণের মতামতকে প্রাধান্য দেবে, কিন্তু তারা জনগণের ইচ্ছা উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে হাঁটছে।"

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, "নির্বাচনের দুই মাস পার না হতেই সরকার জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে। যে আন্দোলনের ওপর ভিত্তি করে তারা আজ ক্ষমতায়, সেই জুলাই আন্দোলনের চেতনাকে তারা ভুলে যাচ্ছে। ৭১ শতাংশ মানুষের মতামতকে পদদলিত করে কেউ বেইমান হিসেবে চিহ্নিত হতে চায় না।"

সমাবেশে বক্তারা ব্রিটিশ আমলের 'পচা আইন' বাতিল করে জুলাই আন্দোলনের স্পিরিট অনুযায়ী নতুন আইন ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হাসান ও শেখ নুরুল হুদা, শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতেন সেক্রেটারি আঃ সবুর, সহকারী সেক্রেটারী মাওঃ মোঃ হাবিবুল রহমান, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান ও হাসিবুল রহমান রুম্মান জাতীয় ছাত্র শক্তি, সাতক্ষীরা জেলা শাখা, এবি পার্টির জেলা সদস্য সচিব সালাউদ্দিন শাকিল, এনসিপি নেতা কামরুজ্জামান বুলুসহ জাতীয় ছাত্র শক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সম্মিলিত কণ্ঠে ঘোষণা করেন, জনগণের ভোটাধিকার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)