ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’

২০২৬ এপ্রিল ১৩ ১৭:৫১:৪৪
‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’

টাঙ্গাইল প্রতিনিধি : কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলা নববর্ষের প্রথমদিন দেশে প্রথমবারের মতো কৃষক কার্ড চালু হতে যাচ্ছে। টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং শুরু হবে। পাইলটিং শেষে আগামী চার বছরের মধ্যে সারাদেশে এ কার্ড বিতরণ শেষ হবে। দেশের ৭০ শতাংশ মানুষ কৃষক উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে। কৃষক যেন প্রতিটি ক্ষেত্রেই পণ্যের ন্যায্য মূল্য ও ন্যায্য অধিকার পায়। এ কারণেই কৃষক কার্ড চালু করা।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসএএম/এএস/এপ্রিল ১৩, ২০২৬)