প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
২০২৬ এপ্রিল ১৪ ১৩:৩৮:৫৮
স্টাফ রিপোর্টার : সারাদেশে ক্রমশ দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত শনিবার থেকে টানা তাপপ্রবাহ বইছে। আজ মঙ্গলবার বৈশাখের প্রথম দিনে তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসব অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলেও তাপপ্রবাহ হওয়ার পূর্বাভাস রয়েছে।
এছাড়া ঢাকায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে।
এদিকে আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০২৬)
