ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ

২০২৬ এপ্রিল ১৪ ১৮:১৫:৪০
বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ

রাজন্য রুহানি, জামালপুর : বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রবহমান ধারায় সংযুক্ত থেকে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণের বৈশাখী উৎসব। বৈশাখী শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আজ মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দল, উদীচী শিল্পীগোষ্ঠী, নবাঙ্কুর, কলতান কঁচিকাচার মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

জেলায় এবার বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্য। কারণ বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে- এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈশাখী শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে পরিবেশিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিল্পকলা একাডেমি ছাড়াও জেলার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

(আরআর/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)