প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
২০২৬ এপ্রিল ১৪ ১৮:৪২:৪৬
বিকাশ স্বর্ণকার, বগুড়া : নির্বাচনী প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দেশের কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ বাস্তবায়ন করলেন তারেক রহমান। দেশের ১৪টি উপজেলায় একযোগে ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি।বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী—তিনি যা বলেন, তাই বাস্তবায়ন করেন। কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া তারই বাস্তব উদাহরণ।”
তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা,ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজে কৃষকদের কাছে পৌঁছাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর শাহে আলম এমপি। এছাড়া বক্তব্য রাখেন মোঃ আব্দুল বারী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
জানা গেছে, মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে প্রাথমিকভাবে বাছাই করা হলেও প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির ৩১৪৭ জন কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা প্রদান করা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।
অনুষ্ঠান উপলক্ষে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। মাথায় মাথাল পরে অনেক কৃষক অনুষ্ঠানে যোগ দেন। একসঙ্গে একাধিক মন্ত্রীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, বিগত দীর্ঘ সময়ের মধ্যে শিবগঞ্জে একসঙ্গে এত মন্ত্রীর উপস্থিতি বিরল ঘটনা। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা।
(বিএস/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)
