প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
২০২৬ এপ্রিল ১৫ ১৮:৩০:৩৯
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে ১২০ লিটার ডিজেল নিয়ে ভ্যানযোগে যাবার সময় জনতার হাতে আটক সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন উপজেলার উত্তর কাঠারবিল গ্রামের বাদশা আলীর ছেলে।
আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জহুরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার সকালে কাঠারবিল ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিতরণের সময় ৫ লিটার করে মোট ১২০ লিটার ডিজেল উত্তোলন করেন সাব্বির হোসেন। উত্তোলিত তেল তিনি ভ্যানযোগে নিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করেন স্থানীয়রা।
এ ঘটনা ফিলিং স্টেশনে দায়িত্বরত ট্যাগ অফিসার মোখলেসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জহুরুল ইসলাম।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা জানান, দণ্ডপ্রাপ্ত ওই যুবকের কাছে তেল উত্তোলনের কোনো বৈধ স্লিপ ছিল না। এমনকি তিনি জরুরি সেবায় নিয়োজিত লোকও নন। তিনি অসদুপায় অবলম্বন করে ১২০ লিটার তেল ভ্যানযোগ অন্য কোথাও নিয়ে যাবার চেষ্টা করছিলেন।
(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)
