ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা 

২০২৬ এপ্রিল ১৫ ১৯:৫০:২৬
সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা 

রূপক মুখার্জি, নড়াইল : পহেলা বৈশাখ উপলক্ষে সাইকেল শোভাযাত্রার মাধ্যমে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজন করেছে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার ওই বিদ্যালয়ের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সাইকেলের পাশাপাশি অনেক শিক্ষার্থী হেঁটেও শোভাযাত্রায় অংশ নেয়। রঙিন শাড়ি ও বৈশাখী সাজে সজ্জিত শিক্ষার্থীরা পথচারী ও গ্রামবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানায়। ব্যতিক্রমী এ আয়োজনে মুগ্ধ হন স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল এবং বিশ্বসাহিত্য কেন্দ্র-এর ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বইপড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির পক্ষ থেকে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জেসি ধর, অষ্টম শ্রেণির পায়েল গোলদার, নবম শ্রেণির শুক্লা, তৃষা ও অসমি দত্ত এবং দশম শ্রেণির বীথি পাঠকসহ কয়েকজন শিক্ষার্থী জানায়,, 'তারা নিয়মিত সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। নববর্ষের আনন্দ আরো রঙিন করতে তারা বৈশাখী পোশাকে সাইকেল চালিয়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত'।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, 'নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বইপড়ায় উৎসাহ দিতে তাদের পুরস্কৃত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগে নতুন পাঠক তৈরিই তাদের মূল লক্ষ্য'।

স্থানীয় বাসিন্দা প্রকাশ কুমার, নৃপেন বিশ্বাস, আসলাম হোসেন ও লাকি বেগমসহ অনেকে বলেন, 'নববর্ষে বিদ্যালয়ের এই ব্যতিক্রমী সাইকেল শোভাযাত্রা তাদের মুগ্ধ করেছে। তারা মনে করেন, বৈশ্বিক জ্বালানি তেলের সংকটের সময়ে পরিবেশবান্ধব সাইকেল একটি কার্যকর বাহন। এতে তেলের প্রয়োজন নেই এবং নিয়মিত সাইকেল চালালে শারীরিক ব্যায়ামও হয়'।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, 'তাদের বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়মিত সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সেই ধারাবাহিকতায় সাইকেলযোগে নতুন বছরকে বরণ করা হয়েছে। তিনি আরো বলেন, জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এ বিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চা হয়ে থাকে'।

প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মুস্তাফিজুর রহমান আলেক বলেন, শহর থেকে দূরে অবস্থান করলেও বিদ্যালয়টির শিক্ষার মান ভালো। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও বিদ্যালয়টি এগিয়ে রয়েছে।

(আরএম/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)