ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছে ‌‘দম’, কানাডাসহ চলবে ৫৮ হলে

২০২৬ এপ্রিল ১৬ ১৩:৪৬:৫৭
যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছে ‌‘দম’, কানাডাসহ চলবে ৫৮ হলে

বিনোদন ডেস্ক : উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলে বাজিমাত করে চলেছে সিনেমা ‘দম’। দর্শক চাহিদার জোয়ারে ভেসে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি হলে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি।

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয় ছবিটি ঘিরে। সেই চাহিদার ফলেই দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে ৭টি হল থেকে বেড়ে ৫০টি হলে প্রদর্শিত হবে ‘দম’।

পাশাপাশি একই দিন থেকে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরী। তাদের অভিনয় দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে বলে জানা গেছে।

উত্তর আমেরিকায় ছবিটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ জানান, ‘দর্শকদের আগ্রহই হলসংখ্যা বাড়ানোর মূল কারণ। এমন সাড়া না পেলে এত দ্রুত হল বাড়ানো সম্ভব হতো না।’

এদিকে, সিনেমাটির মুক্তি উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নির্মাতা রেদওয়ান রনি। সেখানে একাধিক প্রদর্শনীতে অংশ নিচ্ছেন তিনি। এক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলনসহ প্রবাসী বাংলাদেশিরা। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন নির্মাতা।

দর্শকদের অভূতপূর্ব সাড়ায় ‘দম’ যে উত্তর আমেরিকার বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে, তা বলাই যায়।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৬)