ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল

২০২৬ এপ্রিল ১৮ ১৩:৫১:৩১
নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে নবীন যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল ষাঁড়ের লড়াই।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। লোকে লোকারণ্য হয়ে পড়েছিল রঘুনাথপুর ফুটবল খেলার মাঠ।

তিল ধারনের ঠাঁই ছিল না ষাঁড়ের লড়াইয়ের মাঠে। অনেকে গাছে উঠে এই ষাঁড়ের লড়াই উপভোগ করেন।

স্থানীয়দের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই ষাঁড়ের লড়াইকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকদের তথ্যমতে, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল ‘প্রিন্স রাজা’ ও ‘সাদা মস্তান’, যেগুলো দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজক নবীন যুব সংঘ সূত্রে জানা গেছে, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এই ধরনের আয়োজন করা হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

এদিকে, এমন আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয়দের মতে, এই ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, বরং এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।

(আরএম/এএস/এপ্রিল ১৮, ২০২৬)