ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫

২০২৬ এপ্রিল ১৮ ১৭:৫১:২৮
সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বালিয়া গট্টি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বরের সমর্থকদের সাথে একই এলাকার নুরু মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই জেরধরে শুক্রবার রাতভর দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুর করে। এসময় ২৫টি বসতঘর ভাংচুর ও দুটি খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা।

এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুঁটে যান। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এএন/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)