ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার

২০২৬ এপ্রিল ১৮ ২০:৫৮:১৫
কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল কালীবাড়ি বাজারে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মা মাধবী রানী মণ্ডল ও ছেলে শংকর মণ্ডলকে পিটিয়ে জখম করার ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারের সদস্যরা। হামলাকারী সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবীরসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাতের আঁধারে বাড়ির চারিপাশে সশস্ত্র পাহারা দিচ্ছে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামের সুনীল মণ্ডলের স্ত্রী ও ছেলে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাধবী মণ্ডল জানান,জমি নিয়ে তাদের সঙ্গে একই এলাকার সামাদ গাজী, তার ছেলে আলমগীর কবিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

জমি নিয়ে আদালতে দেওয়ানী মামলা ও ঘরজ্বালানী মামলা রয়েছে। গত ৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসকের আদালতে আলমগীর কবিরের দুই বিঘা জমির নাম পত্তন বাতিল সংক্রান্ত তার দায়েরকৃত রিভিউ মামলা খারিজ করে দেওয়া হয়। তিনি ওই আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

৯ এপ্রিল সামাদ গাজী ও আলমগীর কবীর তাদের বিরুদ্ধে দায়েরকৃত ঘরজ্বালানি ও দেওয়ানী মামলা তুলে নেওয়ার জন্য একাধিক অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। তাতে রাজী না হওয়ায় গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি( মাধবী)ও ছেলে শংকর নিজ বসতবাড়ির পাশে কাজ করার সময় সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবিরসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী, শহীদুল, বালাপোতার নুরুজ্জামানসহ সাত/ আট জন তাদের বাড়িতে এসে বাড়ি ছেড়ে চলে যেতে বলে।

দরজা ও তুলসী মন্দির ভাংচুর করে। ভাংচুরে বাধা দেওয়ায় লোহার রড দিয়ে তাকে ও ছেলেকে পিটিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আগে তাদেরকে কালিগঞ্জ থানায় নেওয়া হলে নির্যাতনকারি সামাদ গাজী ও আলমগীর কবীর আগেই সেখানে হাজির হয়।

মাধবীমণ্ডল আরো জানান, বৃহস্পতিবার সকালে তার পুত্রবধু সরস্বতী মণ্ডল তাদোরকে দেখতে হাসপাতালে দেখতে এলে সামাদ গাজী ও তার ভাড়াটিয়া লোকজন তাদের বসতঘরের বারান্দার দরজা ও রান্নাঘরের দরজা ভাংচুর শোষে চলাচলের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দিয়ে চলে যায়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সামাদ গাজী তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

এমনকি ভাড়া করা সন্ত্রাসী দিয়ে রাতের আঁধারে তাদের ঘরবাড়ি ভাংচুর করে বিরান ভূমিতে পরিনত করার হুমকি দেয়। এরপর থেকে তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে। তবে উপপরিদর্শক মাহাবুবর রহমান হাসপাতালে এসে তাদের খোঁজ খবর নিয়েছেন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রুপা রাণী পাল জানান,ভারী জিনিস দিয়ে শংকর মণ্ডল ও মাধবীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পেটানো হয়েছে। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সামাদ গাজী সাংবাদিকদের বলেন,বুধবার বিকেলে শংকর ও তার মা তার জমিতে জোর করে ঘর বানাচ্ছিল। তাতে বাধা দেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, পুলিশ মাধবী মণ্ডলের পরিবারের খোঁজ খবর রাখছে।

প্রসঙ্গত, সামাদ গাজী ও আলমগীর কবীরের নেতৃত্বে ২০২৫ সালের ১৭ আগষ্ট থেকে ২৮ আগষ্ট এবং ১১ ও ১২ নভেম্বর দ্বিতীয় দফায় লুটপাট,ভাংচুর শেষে কাটা তারের বেড়া ও প্রাচীর দিয়ে অবরুদ্ধ করে চারাট সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়।

(আরকে/এএস/এপ্রিল ১৮, ২০২৬)