প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত
‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
২০২৬ এপ্রিল ২০ ১৪:৫৪:০২
স্টাফ রিপোর্টার : শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি আরও জোরদার করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই এবং চলমান কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে লিটল অ্যাঞ্জেলস সেমিনারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে মায়েদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার চায় দেশের প্রতিটি শিশু যেন সময়মতো টিকা পায় এবং স্বাস্থ্যসেবার আওতায় আসে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ ও ইপিআই যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এতে সহযোগিতা করছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্যাভি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্প এলাকা। এখানে লাখো মানুষের বসবাস। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের শয্যা সংখ্যা, ডাক্তার ও ওষুধের পরিমাণ বাড়ানো জরুরি।
তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে আগামী বাজেটে ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দেন, যাতে এলাকার সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(ওএস/এএস/এপ্রিল ২০, ২০২৬)
