ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি

২০২৬ এপ্রিল ২১ ১৮:৩৯:৫০
কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি

হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : ঠিকাদারি কাজের মান যথাযথ ভাবে করতে বলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামকে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালাগালিজ করেছেন এক ঠিকাদার।

আজ মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার সড়তলা ভায়া জোড়াদহ বেলতলা সড়কের সংস্কার কাজ চলছিল। এ কাজ নিয়োগপ্রাপ্ত ঠিকাদারের কাছ থেকে শহিদুল ইসলাম নামের এক ঠিকাদার ৫৪ লাখ ৮০ হাজার টাকায় ক্রয় করে। পরে তার ইচ্ছেমত কাজ করতে থাকে। তবে কাজের সিডিউল অনুযায়ী কোনো কাজ করেন না ঠিকাদার শহিদুল। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানান। তখন প্রকৌশলী কাজের মান যথাযথ ভাবে করতে ঠিকাদারকে অবগত করেন। পরে ওই ঠিকাদার ক্ষুব্ধ হয়ে প্রকৌশলীকে হুমকি প্রদান, অকথ্য ভাষায় গালিগালাজ ও অপপ্রচারি চালাতে থাকে।

উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম বলেন, ‘আমি ওই সড়কের কাজ যথাযথ ভাবে করতে বলি। এত ক্ষুব্ধ হয়ে আমার ওপর ঠিকাদার নানা ধরণের হুমকি দিতে থাকে। একপর্যায়ে বলতে থাকে আমার ইচ্ছেমত কাজ করতে দে নইলে তোর বিরুদ্ধে এমন অপপ্রচার চালাবো, তুই আর এ উপজেলাতে থাকতে পারবি না। তুই তো ঘুষ নিস না, তারপরেও তোর বিরুদ্ধে ঘুষের অভিযোগ ছড়িয়ে দেওয়া হবে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার শহিদুল ইসলাম বলেন, ‘কাজের মান এসব কিছুই না। প্রকৌশলী আমার কাছ থেকে ঘুষ দাবি করেছেন।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘আমি মিটিংয়ে রয়েছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।’

(এইচআর/এসপি/এপ্রিল ২১, ২০২৬)