প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মুন্সীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
২০২৬ এপ্রিল ২৩ ১৮:৫১:৫৭মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ পুষ্টি সপ্তাহের আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমাপ্ত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. মোঃ কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং জেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আলোচনায় জানানো হয়।
(এমকে/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)
