প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ইলিশের লোভনীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, ৪ প্রতারক গ্রেফতার
২০২৬ এপ্রিল ২৪ ১৩:০৭:৪৪
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা ওরফে অনিক (২২), লিমন শেখ (২১) এবং মোঃ লিমন মোল্যা (২২)।
গ্রেফতারকৃতরা নড়াইল সদর উপজেলার মির্জাপুর ও পাইকড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযুক্তরা “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর” ও “অনলাইন পণ্য বিক্রয়” নামে একাধিক ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ মাছ সরবরাহের প্রলোভন দেখাতো।
আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ক্রেতারা অগ্রিম টাকা পাঠালেও পরে কোনো পণ্য পেতেন না।
এ ঘটনায় প্রতারিত এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে নামে জেলা সাইবার ক্রাইম ইউনিট।
পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই মোঃ জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস ও ডিবির এসআই মোঃ সাব্বির শেখের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে ভুয়া বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরএম/এএস/এপ্রিল ২৪, ২০২৬)
