ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পলাশবাড়ীতে মিথ্যা মামলার অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

২০২৬ এপ্রিল ২৫ ১৩:২৪:১০
পলাশবাড়ীতে মিথ্যা মামলার অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েও প্রতিপক্ষকে ফাঁসাতে মারধরের নাটক সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার বিটিসি বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেলাল উদ্দিন। তার সাথে আরো তিনজন ভুক্তভোগীও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছাদেক আলীনামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগীদের দাবি, ছাদেক আলীর সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই পূর্ব শত্রুতার জেরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাটিকে পুঁজি করে ছাদেক আলী প্রতিপক্ষকে হয়রানি করতে ‘মারধরের’ মিথ্যা নাটক সাজান এবং থানায় একটি বানোয়াট মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিনসহ উপস্থিত অন্যান্য ভুক্তভোগীরা বলেন,"আমরা সম্পূর্ণ নির্দোষ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি।"

তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং বানোয়াট তথ্য দিয়ে মামলা দায়েরকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

(আরআই/এএস/এপ্রিল ২৫, ২০২৬)