প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ
২০২৬ এপ্রিল ২৫ ১৩:৩২:২২
স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন আবদুল হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালত এ জবানবন্দি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
তিনি জানান, এই মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের কাছে ওসমান হাদি জবানবন্দি দিয়েছিলেন। এরপর ওসমান হাদি মৃত্যুবরণ করেন।
আইনের বিধান অনুসারে তার সেই জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তা উপস্থাপন করলে আদালত তা গ্রহণ করেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
গত ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০২৬)
