প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মুন্সীগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার
২০২৬ এপ্রিল ২৫ ১৯:৩৬:৫৮
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালের দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত এক্কাবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্প কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে মালেক গজারিয়ার পশ্চিমকান্দি এলাকায় বাড়ি মালিক আরিফের এক তলা ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ ভাড়া থাকতেন। সম্প্রতি ঈদুল ফিতরের ছুটিতে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি ঠাকুরগাঁও গেলেও তিনি একাই বাসায় অবস্থান করছিলেন।
বাড়ির মালিক আরিফ জানান, শুক্রবার তিনি সপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে ফিরে এসে দেখেন বাসার কলাপসিবল গেট ও কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করেন।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে প্রবেশ করে শয়নকক্ষ থেকে আব্দুল মালেকের নিথর দেহ উদ্ধার করে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরছিল বলে জানান উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, মৃত্যুর কিছু সময় পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা বিষপানে আত্মহত্যার ঘটনা হতে পারে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো মগ্যে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
(এমকে/এসপি/এপ্রিল ২৫, ২০২৬)
