প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র
২০২৬ এপ্রিল ২৫ ১৯:৫১:২৬
শাহ্ আলম শাহী, দিনাজপুর : যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। বন্ধ হয়ে আবারো চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আজ শনিবার সকালের দিকে কেন্দ্রটির, বিদ্যুৎ উৎপাদন আবারো বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে। এটি মেরামতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
এর আগে বুধবার রাত ১০টা ২ মিনিটে এই ইউনিটের চারটি কোল মিলের মধ্যে দুটি বিকল হয়ে গেলে ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে উৎপাদন পুনরায় শুরু হয়। তখন জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দু'টি আগে থেকেই বন্ধ রয়েছে। চালু থাকা একমাত্র ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় আবারও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিং ও লো-ভোল্টেজ পরিস্থিতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।
১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে। ফলে দীর্ঘদিন ধরেই একটি ইউনিটের ওপর নির্ভর করে উৎপাদন চলছিল।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া দ্বিতীয় ইউনিট চালুর বিষয়ে চীনা কোম্পানির সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা চলছে। এ জন্য চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। দ্বিতীয় ইউনিট চালু করতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৩ মিলিয়ন ডলার। তবে কবে নাগাদ চালু হবে তা জানানো হয়নি।
(এসএস/এসপি/এপ্রিল ২৫, ২০২৬)
