ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের সেট ভুল 

সোনাতলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর, সচিবকে অব্যাহতি

২০২৬ এপ্রিল ২৬ ১৮:৪৬:০৪
সোনাতলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর, সচিবকে অব্যাহতি

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে প্রশ্নপত্রের সেট ভুল করে বিতরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পরীক্ষাটি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সোনাতলায় সকল কেন্দ্রে প্রশ্নপত্রের সেট-১ দিয়ে পরীক্ষা নেওয়া হলেও শুধুমাত্র সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুল করে সেট-৩ দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এতে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন তারা। ঘটনার পরপরই প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার দায়ে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদা ভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ দিতে বললেন। সেই সাথে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদুজ্জামান বলেন, আমাদেরকে আগে থেকেই জানানো হয়েছিল সেট-১ দিয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্রের প্যাকেটে সেট-১ ও সেট-৩ লেখা ছিল। আমরা সেট-১ মনে করে প্রশ্ন বিতরণ করি। পরে পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পর জানতে পারি ভুলবশত সেট-৩ দেওয়া হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক বোর্ডকে জানানো হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে বিক্ষোভ করে এবং সেখানে হামলা চালিয়ে স্কুলের গেট আংশিক ভাঙচুর সহ কয়েকটি ফুলের টব নষ্ট করে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

(বিএস/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)