ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর 

২০২৬ এপ্রিল ৩০ ১৯:৩৮:৪২
অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের ৯ম তলায় মেডিসিন ওয়ার্ডের লিফটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোগীর নাম মিজানুর রহমান (৭০)। তিনি সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার মোকসেদ আলীর ছেলে।

স্বজনরা জানান, শারীরিক অসুস্থতার কারণে দুদিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী সিলিন্ডার এনে রাখেন। তবে সেটি যথাযথভাবে রাখা ছিল না। হঠাৎ সেটি রোগীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

স্বজনদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও কেউ দ্রুত এসে রোগীকে দেখেননি। পরে তারা জানতে পারেন, মিজানুর রহমান মারা গেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বৃদ্ধ রোগী শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। বেড না থাকায় মেঝেতে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকের পরামর্শে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছিলেন। সিলিন্ডারটি রোগীর কপালে পড়ে মৃত্যু হয়েছে।

(এসএম/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)