ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’

২০২৬ মে ০১ ১৩:২৬:৩৩
‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’

স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়া কারাগারে থাকাকালীন জামায়াতে ইসলামী কোনো বিবৃতি দেয়নি—গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এটি একেবারেই অসত্য কথা। আমরা শুধু বিবৃতি নয়, উনার মুক্তির জন্য রাজপথে মিছিলও করেছি।

তাহের বলেন, ১৯৯১ সালে জামায়াতের সহযোগিতায় বিএনপি সরকার গঠন করেছিল। তখন আমাদের মন্ত্রিত্ব নিতে বলা হলেও আমরা নেইনি। আমাদের ম্যাডামের (খালেদা জিয়া) প্রতি গভীর শ্রদ্ধা আছে।

আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের দিনও আমি ম্যাডামের বাসায় গিয়েছিলাম একটি বিবৃতির অনুরোধ নিয়ে। যদিও পরে সেটি দেওয়া হয়নি, কিন্তু ম্যাডামের জামায়াতের প্রতি সবসময় সিমপ্যাথি ছিল।

তিনি আরও বলেন, অতীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বিবাদ সম্পর্কের হানি ঘটিয়েছে। ৯৬ সালে আমরা আলাদা নির্বাচন করেছিলাম যার পরিণতি সবার জানা। বর্তমানেও কিছু ক্যাম্পাসে উত্তেজনা দেখা যাচ্ছে, সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে সুস্থ ধারার রাজনীতি বজায় থাকে।

(ওএস/এএস/মে ০১, ২০২৬)