প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
‘বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলই কর্তৃপক্ষ’
২০২৬ মে ০৩ ১৪:৪৮:০৯
স্টাফ রিপোর্টার : ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের এখতিয়ার সরকারের নয়, বরং সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠলে তা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলই দেখে।
এখানে সরকারের বা আইন মন্ত্রণালয়ের কোনো ধরনের দায়িত্ব বা সম্পৃক্ততা নেই।
প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাগুলো নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গবেষণাটি পরিচালিত হয়।
এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি এক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শ্রেণিকক্ষে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে ডেকে নিয়ে অপমান করার অভিযোগ ওঠে।
এ ঘটনাকে ঘিরে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ দেখা দেয় এবং শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
(ওএস/এএস/মে ০৩, ২০২৬)
