ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক

২০২৬ মে ০৩ ১৮:২০:১২
নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতরসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইজিবাইক মহাসড়কে উঠতে গেলে ঢাকাগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসুল সামদানী আজাদ জানান, দু’জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তবে এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ কাজ করছে।

তবে এ বিষয়ে মাদারীপুর রিজওয়ান হাইওয়ে থানার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান রিপোর্ট লেখার আগে পর্যন্ত একাধিকবার ফোন দিলও ফোন রিসিভ করেনি।

(পিবি/এসপি/মে ০৩, ২০২৬)