ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

২০২৬ মে ০৪ ১৮:৩৭:১৬
গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে দুইটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ওই বাজারের 'আইস মিল’ নামে একটি বরফ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওলাদ হোসেন মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পাশ্ববর্তী একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দোকান মালিক ওয়াসিকুর রহমানকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৩ মে) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সৈয়দা তামান্না তাসরিন।

ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু, টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসরিন বলেন, বাংলাদেশে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পণ্য বা সেবার সঠিক গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে পাটগাতী কাঁচাবাজারের সামনে অবস্থিত ' আইস মিল’-এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওলাদ হোসেন মোল্লা বরফ উৎপাদনের লাইসেন্স থাকলেও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করছেন। এছাড়া বিএসটিআই-এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এবং নিষিদ্ধ রং ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।

এসব অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শিশু খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও যথাযথ অনুমতি ছাড়া কোনো কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।

এদিকে একই অভিযানে পাশের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দোকানের মালিক ওয়াসিকুর রহমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে অনিয়ম অনেকটাই কমে আসবে।

(টিবি/এসপি/মে ০৪, ২০২৬)